দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার ঘণ্টার মধ্যেই পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জরুরি তলবে ঢাকায় ফিরে গেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে পদায়ন পাওয়া মোহাম্মদ বদরুল আলম মোল্লা। এ ঘটনাকে ঘিরে জেলায় আলোচনা সৃষ্টি হয়েছে।
এর আগে গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনের আলোকে তিনি ৭ জুলাই বিকেলে দায়িত্ব গ্রহণ করেন। পরে একই দিন সন্ধ্যায় আইজিপির জরুরি তলবে ঢাকায় যান।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ বদরুল আলম মোল্লার একটি কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সিনিয়র সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পোস্টে দাবি করেন, পুলিশ সুপার পদে নিয়োগকে কেন্দ্র করে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ লেনদেন নিয়ে ওই কথোপকথনে আলোচনা রয়েছে। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মোহাম্মদ বদরুল আলম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বদলি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে এবং এতে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। ভাইরাল হওয়া অডিও বিকৃত ও বিভ্রান্তিকর বলে দাবি করে তিনি বলেন, তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি ছড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, একটি জাতীয় দৈনিকের এক সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের অংশবিশেষ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ঘুষ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
বর্তমানে তিনি ঝালকাঠির দায়িত্বে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘আমাকে আপাতত ওয়েটিংয়ে রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে, আমাকে কোন জেলায় দায়িত্ব দেওয়া হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এমএম/